নভেম্বর ২৭, ২০২৫, ০৮:১৩ পিএম
টি-টোয়েন্টি সিরিজ জয়ে শুরু করতে হলে এবার রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সামনে রেকর্ড ১৮২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে এটিই আয়ারল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর।প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তুলে ৪ ওভারে ৪০ রান এনে দেন পল স্টার্লিং ও টিম টেক্টর।
ওপেনার পল স্টার্লিংকে ব্যক্তিগত ২১ রানে আউট করে সেই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর টিম টেক্টর ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
দলের সর্বোচ্চ স্কোর গড়েন মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর। তিনি ক্যারিয়ারের সপ্তম ফিফটি করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ১৮১ রানের সংগ্রহ এনে দেন। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে হ্যারি নিজে খেলেন ৬৯ রানের অপরাজিত ইনিংস, যা সাজানো ছিল ১ চার ও ৫ ছক্কায়। বড় সংগ্রহে তাকে যোগ্য সঙ্গ দেন লরকান টাকার (১৮) ও কার্টিস ক্যাম্ফার (২৪)।
১ ছক্কা ও ৩ চারে ২৪ রানের ইনিংস খেলা ক্যাম্ফার অবশ্য বিধ্বংসী হওয়ার আগে দুর্দান্ত এক ক্যাচে তাকে আউট করেন পারভেজ হোসেন ইমন। তানজিম সাকিবের বলে অফসাইডে ক্যাচ ওঠালে পাখির মতো উড়ে গিয়ে বলকে তালুবন্দি করেন ইমন।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন