রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের আগেই দেখা হচ্ছে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৬ এএম

বিশ্বকাপের আগেই দেখা হচ্ছে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বিশ্ব আসরের উত্তেজনা এখনই শুরু হতে যাচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে ‘রোড টু ২৬’ নামের একটি বিশেষ ফুটবল সিরিজে অংশ নেবে চার পরাশক্তি— ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সিরিজটি।

হাইভোল্টেজ লড়াইয়ের সূচি:

কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দিদিয়ের দেশমের ফ্রান্সের।

এরপর ১ এপ্রিল ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজের অন্য ম্যাচগুলোতে কলম্বিয়া মোকাবিলা করবে ক্রোয়েশিয়া ও ফ্রান্সকে।

নতুন জার্সি ও উন্মাদনা:

ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, এই সিরিজেই ব্রাজিল তাদের ২০২৬ বিশ্বকাপের জন্য তৈরি নতুন জার্সি গায়ে জড়াবে। ফ্রান্সের বিপক্ষে তারা চিরাচরিত হলুদ (Home) জার্সি এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। ফ্রান্স ও ক্রোয়েশিয়াও এই সিরিজে তাদের নতুন কিট উন্মোচন করতে পারে।

সিরিজের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

ম্যাচ তারিখ সময়
ব্রাজিল বনাম ফ্রান্স ২৬ মার্চ রাত ২টা
ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া ২৭ মার্চ ভোর ৫টা ৩০ মিনিট
কলম্বিয়া বনাম ফ্রান্স ২৯ মার্চ রাত ১টা
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ১ এপ্রিল ভোর ৬টা

বিশ্বকাপের প্রেক্ষাপট:

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ৪৮ দলের ফুটবল মহাযজ্ঞ। ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই করবে। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচগুলো আনচেলত্তির শিষ্যদের জন্য অ্যাসিড টেস্ট হিসেবে বিবেচিত হচ্ছে।