মে ৩০, ২০২৬, ০৩:৫০ পিএম
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডের খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ সদস্যকে নিয়ে গড়া এই দলের জার্সি তালিকা প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা চলছে একটি নম্বর নিয়ে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো কিংবদন্তি উইঙ্গার আনহেল দি মারিয়ার আইকনিক ১১ নম্বর জার্সিটি এবার কার দখলে যাচ্ছে তা নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মর্যাদাপূর্ণ নম্বরটি পেয়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।অধিনায়ক লিওনেল মেসি যথারীতি খেলবেন ১০ নম্বর জার্সিতে।
বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে ২০১০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই মাঠে নেমেছেন দলের এই প্রাণভোমরা। এছাড়া আক্রমণভাগের প্রধান তারকা হুলিয়ান আলভারেজ খেলবেন ৯ নম্বর জার্সিতে এবং বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন ২৩ নম্বরে। রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে লিসান্দ্রো মার্টিনেজ ৬ ও নিকোলাস ওতামেন্দি ১৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার রদ্রিগো ডি পল ৭, লিয়ান্দ্রো পারেদেস ৫ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন ২০ নম্বরে।
অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে निकোলাস তাগলিয়াফিকো এবং ৪ নম্বরে গনসালো মন্তিয়েল রয়েছেন। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ২২ এবং তরুণ থিয়াগো আলমাদা ১৬ নম্বর জার্সি পেয়েছেন। দলীয় মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ২৪ এবং এক্সেকিয়েল পালাসিওস ১৪ নম্বরে খেলবেন। বাকিদের মধ্যে ভ্যালেন্তিন বার্কো ৮, জেরোনিমো রুলি ১২, ক্রিস্তিয়ান রোমেরো ১৩, নিকোলাস গনসালেস ১৫, জুলিয়ানো সিমেওনে ১৭, নিকো পাজ ১৮, হোসে ম্যানুয়েল লোপেস ২১, ফাকুন্দো মেদিনা ২৫ এবং নাহুয়েল মোলিনা ২৬ নম্বর জার্সি পরে বিশ্বকাপে অংশ নেবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন