জুন ৯, ২০২৬, ০৮:০৫ পিএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের লড়াইয়ে জয় থেকে মাত্র ১ উইকেট দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কিন্তু জয়ের পথে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি ও বজ্রপাত। বর্তমানে ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য স্বাগতিকদের দরকার মাত্র ১টি উইকেট, অন্যদিকে সফরকারীদের প্রয়োজন ৪৬ বলে ৯৪ রান।
এই মুহূর্তে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে রয়েছে। যদি বৃষ্টি আর না থামে এবং খেলা পুনরায় শুরু করা সম্ভব না হয়, তবে নিয়মানুযায়ী এই ব্যবধানেই জয়ী ঘোষিত হবে বাংলাদেশ।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ৮৪ রানের ইনিংস, নাজমুল হোসেন শান্তর ৬৭ ও তানজিদ হাসান তামিমের ৫৪ রানের ওপর ভর করে বাংলাদেশ ৮ উইকেটে ২৮৪ রানের বিশাল পুঁজি গড়ে। জবাব দিতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় অজিরা।দলের বিপর্যয়ে ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের পক্ষে বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতির খামখেয়ালিতেই আজ নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ দল এখন কেবল বৃষ্টির থামার অপেক্ষায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন