সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৬:০০ পিএম

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। শুরুতে মিচল মার্শ ও জশ ইংলিস ভালো শুরু করলেও ৬ বলে ১১ রান করা ইংলিসকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। এরপর ৪ বলে মাত্র ১ রান করা কুপার কনোলিকে সাজঘরে ফেরত পাঠান নাহিদ রানা।

ম্যাট রেনশ ও টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় স্কোরের দিকে ছুটে যায় তারা।নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা।জবাবে রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। তানজিদ ১৫ বলে ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও পাওয়ারপ্লের সুবিধা সুদে-আসলে আদায় করে নেয় স্বাগতিকেরা। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান তোলে তারা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। 

ভালো শুরুর পরও সৌম্য সরকার ৯ বলে ১৫ এবং পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৬ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় দল। এরপর শামীম হোসেন পাটোয়ারী ও তাওহিদ হৃদয় ধীরগতিতে রান তোলায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রেলিয়ার হাতে।শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের ১৯তম ওভার থেকে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১১ রান তুলে ম্যাচ জমিয়ে তোলেন তাওহিদ হৃদয় ও আবদুল গাফফার সাকলাইন। 

অ্যারন হার্ডির করা শেষ ওভারের রোমাঞ্চকর মুহূর্তে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১৮ রান, যেখানে হৃদয় একটি ছক্কা ও একটি চার মেরে সমীকরণ সহজ করার চেষ্টা করেন। তবে শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৮ রান তুলতে গিয়ে ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন ২২ বলে ৩৫ রান করা তাওহিদ হৃদয়। ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস এবং সফরকারীরা সিরিজটি নিজেদের পকেটে পুরে নেয়।