জুন ২২, ২০২৬, ১২:৫৬ পিএম
মরক্কো জাতীয় দলের তারকা ডিফেন্ডার নাসির মাজরাবি চলতি বিশ্বকাপের পরই পেশাদার ফুটবল থেকে অবসরের পরিকল্পনা করছেন। মাস তিনেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফুটবল ছাড়ার পর পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হতে চান তিনি। পরবর্তীতে অর্জিত জ্ঞান ছড়িয়ে দিতে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছাও প্রকাশ করেছেন।
ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা খেলোয়াড়।প্রাথমিক তথ্যে জানা গেছে, মূলত ধর্মীয় উপলব্ধির জায়গা থেকেই তিনি এমন দীর্ঘমেয়াদি ভাবনার কথা জানিয়েছেন। একসময় শুধু রমজান মাসে কোরআন চর্চা করতেন তিনি, কিন্তু বছরজুড়ে সেই ধারাবাহিকতা না থাকায় নামাজে দাঁড়িয়ে মুখস্থ সূরার স্বল্পতা নিয়ে তিনি অনুতপ্ত হন।
এরপরই তিনি একজন স্কলারের কাছে কোরআন শিক্ষায় পুরোপুরি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই পথে সফল হতে তিনি নিজের ইচ্ছাশক্তি, নিয়মিত চর্চা এবং ধৈর্য—এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।দুনিয়ার চাকচিক্য এবং অর্থের পেছনে না ছুটে ধর্মীয় জ্ঞান অর্জনকেই এখন জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার বিশ্বাস, সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়াই মানুষের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত।
ফুটবল মাঠেও এই ডিফেন্ডারের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ নজর কেড়েছে। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বাঁ প্রান্ত থেকে মাঝমাঠে এসে আক্রমণ তৈরিতে তিনি দারুণ ভূমিকা রাখেন। তার এই কৌশলগত অবস্থান পরিবর্তনের কারণে ব্রাজিলের খেলোয়াড়রা শুরুতে বেশ চাপে পড়েছিল। ওই ম্যাচে সতীর্থ ইব্রাহিম দিয়াজের করা অ্যাসিস্টের আগে গুরুত্বপূর্ণ লম্বা পাসটিও এসেছিল মাজরাবির পা থেকেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন