জুন ২৪, ২০২৬, ০৮:৩১ পিএম
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে মরক্কো। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার ভোর চারটায় নিজেদের শেষ ম্যাচে তারা হাইতির মুখোমুখি হবে।ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতির।
কোনো পয়েন্ট না পেয়ে বিদায় নিলেও শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে সম্পূর্ণ নির্ভার হয়ে মাঠে নামবে হাইতি। হারানোর কিছু নেই বলে তারা ম্যাচটিতে নিজেদের সেরাটা দিয়ে অন্তত পয়েন্ট নিয়ে ভালো কিছু করতে চাইবে। অন্যদিকে শক্তিশালী মরক্কো এই ম্যাচ জিতে সরাসরি পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মেলাতে উন্মুখ।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। স্কটল্যান্ডের বিপক্ষে ৬০১টি পাস আদান-প্রদান করে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তারের এক দুর্দান্ত রেকর্ডও গড়েছে মরক্কো।দুটি ম্যাচ থেকে মরক্কোর সংগ্রহ এখন চার পয়েন্ট।
এবারের আসরে তারা ব্রাজিল ম্যাচে যে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে, তা দলটির শক্তিশালী হয়ে ওঠার স্পষ্ট বার্তা দেয়। বিশেষ করে হাইতির রক্ষণভাগের জন্য মরক্কোর তরুণ ফরোয়ার্ড ইসমাইল সাইবারি এক বড় আতঙ্কের নাম হতে পারেন। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২১ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭০ মিনিটে গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। বিশ্বমঞ্চে এই প্রথমবার দল দুটি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে মরক্কোর চেনা ছন্দের জয় নাকি হাইতির শেষ চমক দেখা যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন