সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রান্স ম্যাচে নরওয়ের ১০ তারকাকে বিশ্রাম দেওয়ার কারণ কী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৯:৫৯ পিএম

ফ্রান্স ম্যাচে নরওয়ের ১০ তারকাকে বিশ্রাম দেওয়ার কারণ কী

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বোস্টনে অনুষ্ঠিত খেলায় শীর্ষ ১০ তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল নরওয়ে। কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড কিংবা উসমান দেম্বেলে বনাম মার্টিন ওডেগার্ডের হাইভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় থাকা ফুটবলপ্রেমীদের হতাশ করে দ্বিতীয় সারির দল নামান নরওয়ের কোচ স্তল সোলবাকেন। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, সরলথ এবং গোলরক্ষক নিলান্ডসহ প্রধান ১০ খেলোয়াড়কে বিশ্রামে রাখার এই কৌশলগত ম্যাচটিতে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ফরাসিরা। 

এই জয়ের ফলে টানা তিন ম্যাচে জিতে ‍‍`আই‍‍` গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ফ্রান্স, এবং রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে নরওয়ে।কোচের এই ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন গুরুত্বপূর্ণ ম্যাচে তারকাদের বসিয়ে রাখা হলো, তার পেছনে তিনটি মূল কারণ রয়েছে বলে ক্রীড়া বিশ্লেষকেরা জানিয়েছেন।

প্রথমত, পূর্ববর্তী ম্যাচগুলোতে ইরাক ও সেনেগালকে হারিয়ে নরওয়ে ইতিমধ্যেই রাউন্ড অব থার্টিটু বা শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছিল। দ্বিতীয়ত, সামনে নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তারকা ফুটবলারদের ক্লান্তি ও চোটের ঝুঁকি থেকে দূরে রাখতে চেয়েছিলেন কোচ সোলবাকেন। কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকলে হালান্ড ও ওডেগার্ডরা পরবর্তী নকআউট ম্যাচে শতভাগ চাঙা হয়ে মাঠে নামতে পারবেন বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।

তৃতীয় কারণটি ছিল নকআউট পর্বের শুরুতে কঠিন প্রতিপক্ষ এড়ানোর একটি সুনির্দিষ্ট কৌশল। রানার্সআপ হওয়ার কারণে শেষ ৩২-এর লড়াইয়ে নরওয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল আইভরি কোস্টকে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে লড়তে হবে শক্তিশালী সুইডেনের বিপক্ষে। যদিও ফিফা র‍্যাংকিং অনুযায়ী সুইডেনের চেয়ে ছয় ধাপ এগিয়ে রয়েছে আইভরি কোস্ট, তবুও নকআউটের দীর্ঘমেয়াদি সমীকরণে এই কৌশলটিকে ইতিবাচক হিসেবে দেখছে নরওয়ে শিবির।