শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মাহরেজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:৫৪ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মাহরেজ

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায়ের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।শুক্রবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নকআউট পর্বের এই ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয় আলজেরিয়া। হারের হতাশাজনক সমাপ্তির সঙ্গেই আলজেরিয়ান ফুটবলের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল। জাতীয় দলের জার্সিতে ১১৯ ম্যাচ খেলে ৪০ গোল করে বিদায় নিলেন এই তারকা ফরোয়ার্ড।

আলজেরিয়ার এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ে। এরপর জর্ডানকে ২-১ গোলে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল দলটি। তবে শেষ ৩২-এর বৈতরণী আর পার হতে পারেনি আফ্রিকান দেশটি।

আলজেরিয়ার ফুটবলে রিয়াদ মাহরেজের প্রভাব ছিল অনস্বীকার্য। ৩৫ বছর বয়সী এই রাইট উইঙ্গার দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন। এবারের বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে গোল অ্যাসিস্ট করে তিনি দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোলে অবদান রাখার গৌরব অর্জন করেন। 

এছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান তিনি।দল বিদায় নিলেও মাহরেজের ক্যারিয়ার ভক্তদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলজেরিয়ার ফুটবল ইতিহাসে তার এই বিদায় মুহূর্তটি ভক্তদের জন্য অত্যন্ত আবেগঘন।