রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিল কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১০:০৪ পিএম

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিল কোচ

চলতি ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া আফ্রিকার দেশ কেপ ভার্দে আলোচনায় ঝড় তুলেছে। টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ বত্রিশের লড়াইয়ে বেশ চাপে ফেলেছিল দলটি। মেসিদের বিপক্ষে কেপ ভার্দের সেই পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে আধুনিক ফুটবলের বাস্তবতা তুলে ধরে আনচেলত্তি বলেন, কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এমন সমস্যায় পড়বে? কেউ না। তার মতে, আধুনিক ফুটবলে এখন কোনো ম্যাচই সহজ নয়। তিনি আর্জেন্টিনা বা মেসিদের ব্যর্থতা হিসেবে না দেখে একে কেপ ভার্দের খেলোয়াড় ও কোচের দারুণ প্রস্তুতির ফল হিসেবে অভিহিত করেন।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের আগে ব্রাজিল দলের প্রস্তুতি ও প্রতিপক্ষ নিয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি নরওয়েকে আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বর্ণনা করেছেন। আনচেলত্তি জানান, তিনি আত্মবিশ্বাসী তবে সতর্ক। দলের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।