জুলাই ১৪, ২০২৬, ১২:০২ এএম
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ শেষে এখন সেমিফাইনালের অপেক্ষায় বিশ্ব। মঙ্গলবার দিবাগত রাত ১টায় আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের অন্যতম বড় এই লড়াই নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে নিজেদের পূর্বাভাস জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
বিশ্লেষণ বলছে, এই লড়াইয়ে ফ্রান্সের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি।কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যানুযায়ী, ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ এবং স্পেনের ৪৫ শতাংশ। ফ্রান্সকে এগিয়ে রাখার পেছনে দলটির অভিজ্ঞতার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন আক্রমণভাগের ধারকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা স্পেনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। দ্রুত পাল্টা আক্রমণ ও শারীরিক শক্তিতে তারা স্পেনকে কোণঠাসা করার সক্ষমতা রাখে।
অন্যদিকে, স্পেনের শক্তির জায়গা তাদের মাঝমাঠ নিয়ন্ত্রণ, বল দখল ও সুশৃঙ্খল পাসিং। তরুণ তুর্কি লামিন ইয়ামালের মতো প্রতিভাবান খেলোয়াড়রা স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন। সাম্প্রতিক কিছু ম্যাচে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ভালো পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ফলাফল নিয়ে সম্ভাব্য সমীকরণে দেখা যাচ্ছে, ম্যাচটি ফ্রান্স ২ : ১ গোলে জিততে পারে অথবা ১-১ সমতায় শেষ হলে গড়াতে পারে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও প্রথম গোলটি। ফ্রান্স যদি শুরুতেই গোল আদায় করতে পারে, তবে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। আর স্পেন যদি তাদের সহজাত বল দখলের কৌশল ধরে রেখে চাপ বজায় রাখতে পারে, তবে তারাও চমক দেখাতে সক্ষম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন