জুলাই ১৭, ২০২৬, ০৩:৩৪ পিএম
চলতি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই রেফারির নাম ঘোষণা করার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা সমীকরণ ও আলোচনা।এটি ভিনচিচের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল।
স্লোভেনিয়ান এই রেফারির নাম ঘোষণার পর আর্জেন্টিনা সমর্থকদের মনে ভেসে উঠছে কাতার আসরের সেই উদ্বোধনী ম্যাচ। ২০২২ সালের ওই আসরে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক হারের ম্যাচে রেফারি ছিলেন ভিনচিচ, যদিও তার সিদ্ধান্তেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি। কাতার আসরের পর চলতি বিশ্বকাপে ইতিমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াই।
অন্যদিকে স্পেনের ফুটবলারদের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ভিনচিচের অভিজ্ঞতা বেশ দীর্ঘ। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ের ম্যাচটিতেও মাঠের দায়িত্বে ছিলেন তিনি। তবে মাঠের বাইরে ২০২০ সালে বসনিয়ায় একটি পুলিশ অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাময়িক আটক করা হলেও পরে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশন তার পাশে দাঁড়ায় এবং তিনি নির্দোষ প্রমাণিত হন।
আসন্ন মেগা ফাইনালে মাঠের মূল বাঁশি এই স্লোভেনিয়ানের হাতেই থাকছে। ভিনচিচের সহকারী হিসেবে তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ দায়িত্ব পালন করবেন এবং চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন