জুলাই ২০, ২০২৬, ০১:০৯ পিএম
বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট যেন গোপনই করতে পারছিলেন না লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা দলের কোচ। তবে পরাজয়ের গ্লানির মধ্যেও তিনি অকপটে স্বীকার করেছেন যে, ফাইনালে স্পেনই ছিল সেরা দল। একই সঙ্গে নিজের খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।
নিউইয়র্ক ও নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলায় ফেরান তোরেসের গোলে এক-শূন্য ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, স্পেন অসাধারণ একটি দল এবং তার মতে তারাই এই শিরোপা জয়ের প্রকৃত যোগ্য ছিল। পরাজয়ের পরও নিজের দলের প্রতি গর্ব গোপন করেননি আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, তার খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু উজাড় করে দিয়েছে। এই দলটি গোটা টুর্নামেন্টে যেভাবে লড়েছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি দারুণ উদাহরণ হয়ে থাকবে।
ফাইনালে আর্জেন্টিনা আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। স্কালোনির মতে, প্রতিপক্ষের মানই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু কখনো কখনো প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। স্পেন দুর্দান্ত খেলেছে এবং তাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল।
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির প্রসঙ্গও উঠে আসে। ৩৯ বছর বয়সী অধিনায়কের এটি সম্ভবত শেষ বিশ্বকাপ ছিল। স্কালোনি বলেন, মেসি অবিশ্বাস্য। সে আবারও প্রমাণ করেছে কেন সে সর্বকালের সেরা ফুটবলার। এই টুর্নামেন্টে তার অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। সবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না। কিছুটা সময় দরকার এবং এরপর ফেডারেশনের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। এমন একটি দল গড়ে তোলা সহজ নয়, তাই আজকের পরাজয় তাকে ভীষণ কষ্ট দিচ্ছে বলে আবেগঘন কণ্ঠে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন