জুলাই ৩০, ২০২৬, ০৫:৪০ পিএম
ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা গুঞ্জন ও আলোচনায় প্রায়ই খবরের শিরোনাম হন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি এই প্রতিভাবান ফুটবলারকে ঘিরে নতুন করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে উনিশ বছর বয়সি এই খেলোয়াড় নাকি বাবা হতে চলেছেন।গুঞ্জনটি ছড়িয়ে পড়ার মূল কারণ তাঁর বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়ার টিকটক অ্যাকাউন্ট।
সেখানকার একটি গর্ভধারণ সংক্রান্ত ভিডিও রি-পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী আলোচনা শুরু হয়। ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি এবং একটি আবেগঘন বার্তা ছিল, যেখানে বলা হয় যে অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। এই পোস্টের পরই ভক্তদের মনে প্রশ্ন জাগে এটি কি কোনো নতুন অতিথির আগমনী বার্তা, নাকি ইনেস কেবল ভিডিওটি ভালো লেগে শেয়ার করেছেন।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম গ্রাউন্ড নিউজ এবং দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, লামিন ইয়ামালের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করার মতো কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনেও জানানো হয়েছে যে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।
ইনেস গার্সিয়া স্পেনের সেভিয়া শহরের বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ পরিচিত মুখ। টিকটকে তাঁর পাঁচ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে দেড় লাখের বেশি অনুসারী রয়েছে। মূলত ফ্যাশন, সাজসোজ, ভ্রমণ ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও শেয়ার করে তিনি ডিজিটাল মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যোগাযোগের মাধ্যমেই ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা হয়েছিল। এর আগে একটি ইন্টারনেটভিত্তিক গুঞ্জন ছড়িয়েছিল যে ব্যাংকের কার্ড রিজেক্ট হওয়ার পর একটি দোকানে তাঁদের প্রথম দেখা হয়েছিল, যা পরবর্তীতে ইনেস নিজে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগে থেকেই তাঁরা গোপনে সম্পর্কে যুক্ত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন