শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

তুরস্ককে হারিয়ে শুভসূচনা ফ্রান্সের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৩২ এএম

তুরস্ককে হারিয়ে শুভসূচনা ফ্রান্সের

ছবি: সংগৃহীত

নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে জয়ে শুরু হলো ফ্রান্স ফুটবল দলের নতুন অধ্যায়। তুরস্কের বিপক্ষে ১-০ গোলের এই জয়ের আনন্দের চেয়েও ফরাসি শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চোট। একমাত্র জয়সূচক গোলটি করার পরই হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয় ফরাসি এই তারকাকে। আন্তর্জাতিক বিরতির বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে।

শুক্রবার রাতে তুরস্কের মাঠে সতীর্থ মাইকেল অলিসের চমৎকার পাস থেকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬৭তম গোলটি করেন এমবাপ্পে। সফরকারীদের এগিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই ঘটে সেই দুর্ঘটনা। প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের ধাক্কা ছাড়াই শট নেওয়ার সময় বাঁ হাঁটুতে তীব্র চোট পান তিনি। মাঠের ভেতরে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর আবার ঘাসের ওপর বসে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন প্রধান কোচ জিদান। ম্যাচ শেষে তিনি হতাশা প্রকাশ করে জানান, শট নেওয়ার মুহূর্তে হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ায় বিষয়টি ইতিবাচক দেখাচ্ছে না।

পরবর্তীতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে এমবাপ্পের টেন্ডনে চোট লেগেছে।  জিদানের আক্রমণভাগে বাঁ প্রান্তে এমবাপ্পে এবং অন্য প্রান্তে অলিসেকে রেখে সাজানো হয়েছিল প্রথম একাদশ। সঙ্গে ছিলেন উসমান দেম্বেলে ও রায়ান শেরকি। প্রথমার্ধের শেষভাগে অলিসের বাঁকানো জোরালো শট রুখে দেন তুরস্কের গোলকিপার উগুরচান চাকির। এরপর আদ্রিয়েন রাবিওতের আরেকটি আক্রমণ ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

খেলার শেষ দিকে তুরস্কের গোলকিপার বক্সের বাইরে হাত দিয়ে বল স্পর্শ করায় সরাসরি লাল কার্ড দেখেন। দশ জনের দলে পরিণত হওয়ার পরও সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় স্বাগতিক তুরস্ক। তবে ফরাসিদের জমাট রক্ষণ ভেদ করে জালে বল পাঠাতে পারেনি তারা। মাত্র তিন-চারটি সেশনের পর ডাগআউটের অভিষেকেই এমন জয় দলকে সামনে এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ফরাসি কোচ। নেশনস লিগের পরবর্তী তিন ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ইতালি ও বেলজিয়ামের। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এসব ম্যাচে অধিনায়ককে ছাড়াই রণকৌশল সাজাতে হবে ফরাসিদের।