রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ স্বত্ব বিক্রির বিতর্কে ভুল স্বীকার করে ক্ষমা চাইল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ১১:৪৫ এএম

বিশ্বকাপ স্বত্ব বিক্রির বিতর্কে ভুল স্বীকার করে ক্ষমা চাইল ফিফা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব দেওয়াসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ২১১টি সদস্যকে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বিগত কয়েক দিনের ঘটনাপ্রবাহ ও সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।

সংবাদমাধ্যমে বিষয়টি ফাঁস হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি ছিল বলে চিঠিতে স্বীকার করা হয়েছে।নতুন প্রকল্প তৈরির প্রস্তাবে ভুল থাকার কথা স্বীকার করে ফিফা জানিয়েছে যে ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া কখনোই তাদের উদ্দেশ্য ছিল না। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে। বিভ্রান্তি দূর করতে রাবাতের ওই বৈঠকে উপস্থিত সাধারণ সম্পাদক ও ফিফা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। 

ইনফান্তিনো যেহেতু ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি, তাই তার প্রতি বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে বলে জানানো হয়।বিতর্কিত ওই প্রস্তাবটি ইতিমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই ফিফার ভাবমূর্তি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর নতুন করে কোনো আঘাত মেনে নেওয়া হবে না বলে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সংস্থার নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে ফিফা।

চিঠির শেষ অংশে ফিফা সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম জানিয়েছেন যে অভিজ্ঞতা থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আগামী দিনে সদস্য সংস্থাগুলোর সুবিধার্থে ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ফুটবলের প্রসার কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে সবার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।