রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কেলেঙ্কারির অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কেলেঙ্কারির অভিযোগ

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন করে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অতীতে উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে এক জুনিয়র কর্মীর সঙ্গে সম্পর্ক এবং পরবর্তীতে তাকে আর্থিক সুবিধা দিয়ে সংস্থা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে ফিফা সভাপতির পদ ধরে রাখার জন্য তীব্র প্রতিযোগিতার মুখে থাকা অবস্থায় এই নতুন বিতর্ক তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

দ্য সান ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই গুরুতর অভিযোগের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী, উয়েফায় কর্মরত অবস্থায় এক নারী কর্মীর সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর তাকে একটি বড় অঙ্কের আর্থিক বিদায়ী প্যাকেজ এবং এমবিএ পড়ার খরচ প্রদান করা হয়। উয়েফার তৎকালীন সভাপতি মিশেল প্লাতিনি বিষয়টি নিয়ে তৎকালীন মহাসচিবকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বলে জানা যায়। 

তবে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই সময়ে প্রচলিত অভ্যন্তরীণ নিয়ম ও মানদণ্ড অনুসরণ করেই এই আর্থিক নিষ্পত্তি করা হয়েছিল।ইনফান্তিনোর বিরুদ্ধে এই নতুন সমালোচনা এমন এক সময়ে সামনে এল যখন বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির গোপন পরিকল্পনা নিয়েও তার বিরুদ্ধে নানা আলোচনা চলছে। সাবেক প্রতিষ্ঠান উয়েফা নিজেই তাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে বলে জানা গেছে। 

তবে ফিফা এবং জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর।ফিফা জানিয়েছে যে দায়িত্ব পালনকালে যথাযথ নিয়ম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষেই সমস্ত কর্মী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।