আগস্ট ৮, ২০২৬, ০৯:৩৪ পিএম
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় ঘটনা হিসেবে পরিচিত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি এবার নিলামে উঠছে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যবহৃত সেই ঐতিহাসিক বলটির দাম অন্তত ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করতে যাচ্ছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকার সমপরিমাণ। হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার এটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ও স্মরণীয় স্মারকগুলোর একটি হিসেবে আখ্যায়িত করেছেন। ওই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ের সময় বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।প্রথম গোলের ঠিক ৪ মিনিট পর একই বল দিয়ে ম্যারাডোনা আরেকটি অবিশ্বাস্য গোল করেন। নিজেদের অর্ধ থেকে একাই বল টেনে প্রায় ৬০ গজ দৌড়ে চারজন ইংলিশ খেলোয়াড় এবং গোলরক্ষককে পরাস্ত করে তিনি বল জালে জড়ান।
পরবর্তীতে এই দ্বিতীয় গোলটি ফিফার স্বীকৃতিতে শতাব্দীর সেরা গোল হিসেবে খ্যাতি অর্জন করে।এর আগে একই ম্যাচে পরিহিত ম্যারাডোনার ঐতিহাসিক জার্সিটি প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার নিলামে ওঠা বলটির সম্ভাব্য মূল্য সেই আগের রেকর্ডকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন