সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:০২ এএম
টসের দেড় ঘণ্টা আগেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়ে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ভেসে যাওয়ায় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
জাপানের নিশিনের মাঠে মঙ্গলবার নির্ধারিত সময়ের বেশ আগেই খেলা বাতিলের ঘোষণা আসে।
মাঠের আউটফিল্ড অতিরিক্ত ভেজা থাকায় বাংলাদেশ দলকে টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামেই যেতে হয়নি। সকালে এশিয়ান গেমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুই দলকে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয়। চলতি প্রতিযোগিতায় প্রতিকূল আবহাওয়ার কারণে টানা ছয়টি ম্যাচ পরিত্যক্ত হলো, যার মধ্যে পাঁচটি ম্যাচেই কোনো বল মাঠে গড়ায়নি।
এর আগে ভারত ও পাকিস্তান উভয় দলই বৃষ্টির কারণে ম্যাচ না খেলেই উচ্চতর র্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
কোয়ার্টার ফাইনালের বাধা পার হওয়ায় আগামী ১ অক্টোবর একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন