সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৩:৫৯ পিএম
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি নেমে আসে মাত্র ১১ ওভারে। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে থাইল্যান্ডের তোলা ৯১ রানের জবাবে দুই বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
অধিনায়ক ফাতিমা সানার অলরাউন্ড পারফরম্যান্সে জয় তুলে নেয় দলটি।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতে ২২ রানে দুই উইকেট নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। থাইল্যান্ডের ইনিংসে একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার নান্নাপাত কোঞ্চারোয়েনকাই। ধীরগতির ইনিংস খেলা ফান্নিতা মায়া ১৬ বলে ১৫ রান করার পর কৌশলগত কারণে মাঠ ছেড়ে উঠে যান। এরপর শেষ ওভারে চার উইকেটে ৯১ রানের লড়াকু সংগ্রহ পায় থাইল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আক্রমণাত্মক সূচনা করেন পাকিস্তানি ব্যাটার শাওয়াল জুলফিকার। তিনটি চার ও একটি ছক্কায় তিনি করেন ২৫ রান। তবে চতুর্থ ওভারে জুলফিকারের আউটের পর স্পিনার অনিচা কামচোমফু ৩৭ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে চরম চাপে ফেলে দেন। অন্যদিকে সুলিপর্ন লাওমি দুই ওভারে মাত্র তিন রান দিয়ে একটি উইকেট শিকার করলে শেষ চার ওভারে পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৪৪ রান।
ম্যাচের লাগাম টেনে ধরেন অধিনায়ক নিজেই।
কামচোমফুর করা এক ওভারেই তিনটি চার ও একটি ছক্কা হাঁকান সানা। ওই ওভারে আইমান ফাতিমার ছক্কাসহ পাকিস্তান সংগ্রহ করে মূল্যবান ২৫ রান। এরপর দ্রুত কয়েকটি উইকেট পতনের পর তুবা হাসান ছয় ও চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। শেষ ওভারে চার রানের প্রয়োজনে এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি।
দিনের অপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে মাঠেই গড়ায়নি। কোনো ফল না আসায় টুর্নামেন্টের উচ্চতর বাছাইয়ের নিয়মানুযায়ী সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন