বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
মেসির ঐতিহাসিক জার্সি

মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির দৌড়ে এগিয়ে নিকোলাস পাজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৮:২০ পিএম

মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির দৌড়ে এগিয়ে নিকোলাস পাজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। মঙ্গলবার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন এই মহাতারকা। এরপর আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কার গায়ে উঠবে, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ডিয়েগো ম্যারাডোনা ও মেসির স্মৃতিবিজড়িত এই জার্সির পরবর্তী দাবিদার কে হবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি দলের কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি অবশ্য ইতিবাচকভাবেই বিষয়টি দেখছেন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ বলেন, পরে বিষয়টি দেখা যাবে যে কাকে এই জার্সি দেওয়া যায়। দলের যে কারোই অত্যন্ত আনন্দের সঙ্গে এই ঐতিহাসিক জার্সি পরার সুযোগ পাওয়া উচিত। তবে সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত না হলেও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনাকল্পনা।

এমন প্রেক্ষাপটে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের মনোভাব বুঝতে একটি অনলাইন জরিপের আয়োজন করা হয়। জরিপে অংশ নেন মোট ২৫ হাজার ২৯৩ জন ফুটবল অনুরাগী। ভক্তদের স্পষ্ট রায়ে সবচেয়ে এগিয়ে আছেন তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ। জরিপে অংশ নেওয়া পাঠকদের ৫১ দশমিক ৪১ শতাংশ ভোটই পড়েছে এই প্রতিভাবান ফুটবলারের পক্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা এনজো ফার্নান্দেজ পেয়েছেন ১৫ দশমিক ০৩ শতাংশ সমর্থন।

চমকপ্রদ বিষয় হলো, কোনো খেলোয়াড়কে এই মর্যাদা দেওয়ার বদলে জার্সিটি চিরতরে তুলে রাখার পক্ষেই মত দিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক। ১১ দশমিক ৮৬ শতাংশ ভোটারের স্পষ্ট দাবি, মেসির সম্মানে ১০ নম্বর জার্সিটি যেন পুরোপুরি অবসর দেওয়া হয় এবং এটি কাউকে না দিয়ে খালি রাখা হয়। বাকি প্রার্থীদের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পেয়েছেন ৭ দশমিক ৫১ শতাংশ ভোট। 

দলের নিয়মিত স্ট্রাইকার লাওতারো মার্তিনেজের পক্ষে সমর্থন জানিয়েছেন ৪ দশমিক ৩৫ শতাংশ সমর্থক। অন্যান্য খেলোয়াড়দের পক্ষে যৌথভাবে পড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ ভোট। তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুোনো পেয়েছেন ২ দশমিক ৯৩ শতাংশ এবং মিডফিল্ডার থিয়াগো আলমাদা পেয়েছেন ২ দশমিক ৫৮ শতাংশ ভোট। মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটার পর জাতীয় দলের পরবর্তী নেতৃত্ব ও আইকনিক জার্সির ভবিষ্যৎ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।