অক্টোবর ১, ২০২৬, ০৮:১১ পিএম
সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে বিশেষায়িত এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান যুগে সনাতন তদন্তপদ্ধতি থেকে বেরিয়ে এসে পুলিশকে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন কাঠামোর সূচনা করা হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। প্রাথমিকভাবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ইকবাল হোসেনকে এই ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বেই ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।
সাংগঠনিক বিস্তার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিভাগীয় পর্যায়ে উপমহাপরিদর্শক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা তদারকির দায়িত্ব পালন করবেন। থানা পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সাইবার সেবা প্রদান ও তদন্ত কার্যক্রমের জন্য আলাদাভাবে উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক এবং কনস্টেবল পদায়ন নিশ্চিত করা হবে।
অনুমোদিত কাঠামোতে এই ইউনিটের মোট জনবল চার হাজার ৫৯২ জন। বিদ্যমান পুলিশ বাহিনী থেকে দক্ষ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত এই জনবল কাঠামো পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন