সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১১:৩৩ পিএম

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন হামজা

ছবি - সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হৃদয়বিদারক হারের পরদিন দলের লড়াকু মানসিকতার জন্য গর্ব প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। শুক্রবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি সমর্থকদের ধন্যবাদ জানান এবং আগামী ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ ৩-৪ গোলে হেরে যায়। ম্যাচে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন হামজা। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরও দল ৩-৩ গোলে সমতায় ফিরেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি।

এমন হারের পর আজ দেওয়া পোস্টে লেস্টার সিটির এই তারকা লেখেন, “ফুটবলের উত্থান-পতন... এই দলের জন্য আমি গর্বিত, কিন্তু আমাদের পরের ধাপে যেতে হবে এবং মঙ্গলবারই এটি ঠিক করার আরেকটি সুযোগ আমাদের সামনে আছে! আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

তার এই পোস্টে হাজার হাজার অনুরাগী ইতিবাচক মন্তব্য করে দল ও তার পারফরম্যান্সের প্রশংসা করেন। ক্রিকেটার লিটন দাসের মতো অন্য খেলার তারকারাও তাকে ও দলকে মাথা উঁচু রাখার আহ্বান জানিয়েছেন।আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগের লড়াই থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া জামাল-হামজারা।