সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ হারলেই সিরিজ শেষ, আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১০:১৭ এএম

আজ হারলেই সিরিজ শেষ, আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতে দেখাতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই আজ শনিবার সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। টপ-অর্ডারের ব্যর্থতার পর মেহেদী হাসান মিরাজ (৬২) ও তাওহীদ হৃদয়ের (৫৬) ১০১ রানের জুটিও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। জবাবে ৫ উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন, “আমরা এই উইকেটে অন্তত ৪০ রান কম করেছি। যদি ২৬০-এর কাছাকাছি রান হতো, তাহলে ফল ভিন্ন হতে পারত।” তবে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শান্ত বলেন, “আমি বিশ্বাস করি, ছেলেরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে।”

ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান এখনো এগিয়ে। এখন পর্যন্ত দুই দল ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ১১টিতে জিতেছে বাংলাদেশ এবং ৯টিতে জয় পেয়েছে আফগানিস্তান। আজকের ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা।