শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

এশিয়ান গেমস হকিতে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৩১ এএম

এশিয়ান গেমস হকিতে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ হকিতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

শনিবারের এই জয়ে টুর্নামেন্টে নিজেদের ঘুরে দাঁড়ানোর ধারা বজায় রাখল লাল-সবুজের দল। ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই ইন্দোনেশিয়ার ফাতুর মোছামাদ লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও নিজেদের গুছিয়ে নিতে সময় নেয়নি বাংলাদেশ। খেলার ১১তম মিনিটে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম নিখুঁত শটে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।

এরপর ৩১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আমিরুল। বাংলাদেশ দল আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয়। এ সময় সিনিয়র খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি চমৎকার একটি ফিল্ড গোল করে স্কোরলাইন ৩-১ করেন, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

চলমান আসরে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল দল। তবে টুর্নামেন্টের শুরুতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল দলটি।

গ্রুপ পর্ব পার হওয়ার লড়াইয়ে বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।