শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
অবসরের স্পষ্ট বার্তা

রোনালদোর মতো ৪১ বছর খেলবেন না এমবাপে

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:২৯ পিএম

রোনালদোর মতো ৪১ বছর খেলবেন না এমবাপে

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের জার্সিতে মাঠে থাকার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সম্প্রতি একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এমন খোলামেলা মন্তব্য করেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ব্যালন ডি‍‍`অর জয়ের তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গেও কথা বলেন তিনি। ২৭ বছর বয়সী এই ফরাসি অধিনায়ক ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করেন। এরপরের আসরে ফাইনালে উঠে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করলেও শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি।

সামনে দীর্ঘ সময় থাকলেও ক্যারিয়ারের শেষ নিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এমবাপে। ২০৩৮ সালে ৪১ বছর বয়সে জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে কি না—জার্মান গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান যে ফরাসি জনগণের প্রত্যাশার চাপেই তাকে ৪০ বছর ছোঁয়ার আগেই জাতীয় দল থেকে সরে দাঁড়াতে হতে পারে। তার মতে, তিনি যে দেশের প্রতিনিধিত্ব করেন, সেই ফ্রান্সের বাস্তবতায় ৪১ বছর পর্যন্ত খেলে যাওয়া অসম্ভব।

তবে নিজের আদর্শ রোনালদোর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। তিনি উল্লেখ করেন, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকলে দীর্ঘ সময় সর্বোচ্চ স্তরে টিকে থাকা সম্ভব তা রোনালদো প্রমাণ করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে নিজের ক্ষেত্রে তেমন দীর্ঘ ক্যারিয়ার তিনি দেখছেন না।