বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া? জানাল অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০২:০৪ পিএম

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া? জানাল অধিদপ্তর

ঈদের আবহাওয়া বার্তা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আঠারো মার্চ এক বিশেষ বার্তায় অধিদপ্তর জানিয়েছে যে আগামী ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার অথবা শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 

তবে এই আনন্দের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে রংপুর ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে যে শুক্রবার ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও পূর্বাঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে।শনিবারের পূর্বাভাস অনুযায়ী সারা দেশের আটটি বিভাগেই ঝড়-বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। 

২১ মার্চ ঢাকা রংপুর রাজশাহী এবং চট্টগ্রামসহ সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের বেলা গরম কিছুটা কম অনুভূত হতে পারে। ঈদের কেনাকাটা ও ঈদযাত্রার এই সময়ে এমন বৈরী আবহাওয়া সাধারণ মানুষের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।