রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের সব বিভাগে ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৭:৫৭ পিএম

দেশের সব বিভাগে ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের আটটি বিভাগেই টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লঘুচাপের একটি বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও সামান্য বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।তাপমাত্রার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। 

তবে শনিবার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও শনিবার সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, ১ এপ্রিলের পর থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এবং এর ফলে সারা দেশে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। বর্তমানে লঘুচাপের প্রভাবে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।