রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বোরো চাষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:০০ পিএম

দিনাজপুরে বোরো চাষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চলতি বোরো মৌসুমে উচ্চ ফলনশীল উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বিতরণ শুরু করেছে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলার তেরোটি উপজেলায় মোট ২০ হাজার দু'শো কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন গতকাল সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার বিকেলে জেলার হাকিমপুর উপজেলায় বিতারণ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতারণ কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, চলতি বছর বোরো মৌসুমে জেলায় ১৩ হাজার ৬০০ কৃষকের মাঝে উন্নত জাতের উপশী ধান বীজ বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উপশী ধান বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাইব্রিড ধানের আবাদ বাড়ানোর লক্ষ্যে ৬ হাজার ৬০০ কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।তিনি বলেন, কৃষি বিভাগের তরুণ গবেষকেরা এই উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ আবিষ্কার করেছেন।

এই বীজ গত বছর পরীক্ষামূলকভাবে জেলায় ১০ জন কৃষক ৫ একর জমিতে চাষ করে শতকে ৪০ থেকে ৪৫ কেজি করে ফলন অর্জিত করতে সক্ষম হয়েছিল। গত বছর অর্জিত সেই ধান বীজ সংরক্ষণ করা হয়েছিল এবং চলতি বছর সেই বীজ জেলার ৬ হাজার ৬০০ কৃষকের মাঝে চাষের জন্য ২ কেজি করে বিতরণ করা হচ্ছে। অধিক উৎপাদন ফলনশীল এই হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, চলতি বছর জেলায় কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে উপশী জাতের ৬৮ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ১৩ মেট্রিক টন ২০০ কেজি সহ মোট ৮১ মেট্রিক টন ২০০ কেজি উন্নত ফলনশীল ধান বীজ বিতারণ কর্মসূচি শুরু করা হয়েছে। এর পাশাপাশি উপশী জাতের ধান বীজের সঙ্গে মোট ২৭২ মেট্রিক টন সার বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের জমিতে সঠিক নিয়মে ধান চাষে অধিক ফলন উৎপাদনে সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

গতকাল সোমবার রাতে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজিনা বেগম জানান, গতকাল বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি দপ্তরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় উন্নত ফলনশীল হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার বলেন, এবার বোরো মৌসুমে উপজেলায় হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়াতে বিনামূল্যে এসব ধান বীজ বিতরণ করা হয়েছে। তিনি আশা করছেন, উন্নত জাতের বীজ হওয়ায় ৩৩ শতকের প্রতি বিঘায় ৩৫ মণ করে ধানের ফলন হবে।