সেপ্টেম্বর ২২, ২০২৬, ০২:৩৬ পিএম
গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, বিজ্ঞানীরা মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা দিয়ে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেন। এসব কাজের স্বীকৃতি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
গবেষণা কার্যক্রম বাস্তবমুখী করার তাগিদ দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, গবেষণার সুফল যেন সরাসরি খামারি ও উদ্যোক্তারা পান সে লক্ষ্যে উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ করতে হবে। দেশের প্রাণিসম্পদ খাত বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে উল্লেখ করে তিনি জানান, গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিজ্ঞানীদের উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিব মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব ও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য।
সভায় বিএলআরআইয়ের প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন