ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:২৮ পিএম
দিনাজপুরের বিরলে সার ও বীজের বাজার নিয়ন্ত্রণে উপজেলা মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা সম্পন্ন হয়। সভায় মূলত কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার। সভায় বক্তারা বলেন, বর্তমান কৃষি মৌসুমে সারের সরবরাহ এবং মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি।
কোনোভাবেই যেন অসাধু উপায়ে সারের কৃত্রিম সংকট তৈরি করা না হয় কিংবা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি না হয়, সে বিষয়ে ডিলারদের সতর্ক করা হয়। কৃষক পর্যায়ে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যেন প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে যায়, তা তদারকি করতে নিয়মিত বাজার অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি লিয়াকত আলী ও বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি মারুফ হোসেন। এছাড়া বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলাররা আলোচনায় অংশ নেন।
মনিটরিং কমিটি নিয়মিত ডিলারদের স্টক রেজিস্টার ও বিক্রয় রসিদ পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছে। সভার সিদ্ধান্তে জানানো হয়, কৃষি উপকরণ নিয়ে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা ন্যায্য মূল্যে সার ও বীজ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন