সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:৩৪ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সবুজায়নের লক্ষ্যে দুই কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের দুই পাশে দুইশত তালবীজ রোপণ করেছে কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরা। রোববার বিকেলে আনুষ্ঠানিক এই কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন উদ্যোক্তারা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক আয়োজনে এই সামাজিক কর্মসূচিটি পরিচালিত হয়।
উপজেলার দশ নম্বর রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী বাজার থেকে শুরু হয়ে আট নম্বর ধর্মপুর ইউনিয়নের পিরোজপুর নিমতলী বাজার পর্যন্ত বিস্তৃত পাকা সড়কের দুই ধারে এসব তালবীজ বপন করা হয়। এই কার্যক্রমে সরাসরি অংশ নেয় পাঠশালায় নিয়মিত অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থী। উদ্যোগটির মূল সমন্বয়ক ছিলেন আট নম্বর ধর্মপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি কমল চন্দ্র সরকার।
কমল চন্দ্র সরকার জানান সাধারণ পাঠ্যক্রম ও প্রাথমিক শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করতে তিনি নিয়মিতভাবে উৎসাহ দিয়ে আসছেন। ভবিষ্যৎ প্রজন্মকে মাটির সুরক্ষায় দায়িত্বশীল করে তোলার অংশ হিসেবেই সড়কজুড়ে তালগাছ রোপণের এই পরিবেশগত উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
এ ধরনের সামাজিক উদ্যোগে বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিরা সার্বিক সহায়তা দিয়েছেন। কর্মসূচি সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আবদার মোল্লা এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সরাসরি উৎসাহ ও সহযোগিতা জুগিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন