সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:১৭ পিএম
ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বিরলে শুভেচ্ছা র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিরল পৌরশহরে উপজেলা জামায়াতের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুর রশিদ এবং সেক্রেটারি আজমির হোসাইন। উপজেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।
র্যালিপূর্ব ও পরবর্তী বক্তব্যে নেতারা সর্বস্তরের জনগণকে শনিবারের লংমার্চে ব্যাপকভাবে শামিল হওয়ার জোরালো আহ্বান জানান। কর্মসূচি থেকে ঐতিহাসিক গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তোলা হয়। একই সাথে নেতারা দেশে চলমান বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দেওয়া হয়। সমাবেশ থেকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি দাবি করেন জামায়াত নেতারা। তারা রাষ্ট্রীয় ও প্রশাসনিক ক্ষেত্রে যেকোনো ধরনের সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল এবং অবৈধ দখলদারি অবিলম্বে বন্ধের কঠোর দাবি তুলে ধরেন।
এসব মৌলিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন