মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
বিরলে শিক্ষক সম্মেলন

শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৬:২৬ পিএম

শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার

ছবি: দিনাজপুর টিভি

শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে প্রধানমন্ত্রী জাতীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি উল্লেখ করেন, সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, ব্যাগ ও জুতা পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার সকাল এগারোটায় বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরহুম এ. এফ. এম. রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের সৌজন্যে সদ্য সমাপ্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পাঠদানের পাশাপাশি তাদের সার্বিক যত্নের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং তাদের প্রতি অত্যন্ত মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য পেশাগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিরল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি শারমীন সুলতানা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিরল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার এবং উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।

অনুষ্ঠানটির সমাপ্তিপর্বে প্রধান অতিথি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ২৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে বিশেষ সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিরল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।