বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

অনলাইন মাধ্যম থেকে ধারণা নিয়ে হাকিমপুরে আঙুর চাষে সফল যুবক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৫:০৬ পিএম

অনলাইন মাধ্যম থেকে ধারণা নিয়ে হাকিমপুরে আঙুর চাষে সফল যুবক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাড়ির আঙিনায় সুস্বাদু ফল আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পলাশ হোসেন নামের এক যুবক। অনলাইন মাধ্যম থেকে ধারণা নিয়ে শুরু করা তার এই পরীক্ষামূলক চাষাবাদ এখন স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। শখের বশে শুরু করা এই উদ্যোগে সফল হওয়ায় গ্রামীণ জনপদে ফলের চাষ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

প্রথম দফায় তেরো কেজি আঙুর উৎপাদন করে তিনি সফলতার মুখ দেখেন।উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন জানান, কিছুদিন আগে ইন্টারনেটে আঙুর চাষের পদ্ধতি দেখে তার মনে কৌতূহল জন্মায়। এরপর স্থানীয় নার্সারি থেকে দুটি চারা সংগ্রহ করে তিনি নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন। 

যথাযথ পরিচর্যা করায় গাছগুলো দ্রুত বাড়তে থাকে এবং পরবর্তীতে মাচা তৈরি করে গাছের লতাগুলো চালার ওপর তুলে দেওয়া হয়। প্রায় নয় মাসের মাথায় গাছে থোকায় থোকায় ফল ধরতে শুরু করে। প্রথমবারে তিনি প্রতি কেজি দুইশ টাকা দরে তেরো কেজি আঙুর বিক্রি করেছিলেন। শুরুর দিকে প্রতিবেশীরা তাকে নিয়ে উপহাস করলেও সফলতার পর এখন অনেকেই তার কাছে পরামর্শ নিতে আসছেন।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এই উদ্যোগের প্রশংসা করে জানান, বাংলাদেশের আবহাওয়া ও মাটিতেও যে সফলভাবে আঙুর চাষ করা সম্ভব, পলাশের সাফল্য তার একটি উজ্জ্বল প্রমাণ। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই ধরনের রপ্তানিযোগ্য ফল উৎপাদনে কৃষকরা স্বাবলম্বী হলে দেশের আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।