নভেম্বর ১৩, ২০২৬, ০৮:১৭ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রংপুরের বেশ কিছু এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজ এবং অন্যান্য জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন এলাকায় এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। কাজের সুবিধার্থে দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে চার ঘণ্টা এবং এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা—এই দুই দফায় মোট সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ে এই ফিডারের আওতাধীন এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল এবং ভি আই পি শাহাদাত এলাকা।
এছাড়াও তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকাগুলোতেও এই সময়ে বিদ্যুৎ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে। তবে নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন