রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১১:৪৪ এএম

বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া (৩৫)। সোমবার রাত তিনটার দিকে ফুলবাড়িয়া কাঁচাবাজার সড়কের কাছে এই নৃশংস ঘটনাটি ঘটে। জুলহাস মিয়ার বাড়ি ৭ নং ইউনিয়নের কৈয়ারচালায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এসে পৌঁছায়।

রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাসটি তেল নেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পের সামনে এলে সকল যাত্রীরা নেমে যান। এসময় বাসের সিটে ঘুমিয়ে ছিলেন চালক জুলহাস।

ওসি বলেন, এই সুযোগে তিন দুর্বৃত্ত এসে বাসটিতে অগ্নিসংযোগ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া মারা যান।অগ্নিসংযোগের এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। এই নৃশংস ঘটনাটি সারাদেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। নির্দোষ একজন বাসচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।