নভেম্বর ১৬, ২০২৫, ০৩:২৭ পিএম
ফেনী শহরের থানা সংলগ্ন এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
খবর পেয়ে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ও স্থানীয় জুলাইযোদ্ধারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গভীর রাতে হেলমেট পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে স্মৃতিস্তম্ভটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সটকে পড়ে। আগুনের শিখা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশের হাতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে এই অপচেষ্টা চালানো ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তিনি আশ্বাস দেন যে, খুব শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই স্তম্ভে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন