ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:৩৮ পিএম
ধর্ম অবমাননার অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই রায় দেন।
জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি কারাগারেই থাকছেন। এই শুনানির সময় আদালত চত্বরে আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে বেশ কিছু আইনজীবীকে মিছিল করতে দেখা যায়।
বাউল শিল্পীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।আসামি পক্ষের আইনজীবী জিন্নত আলী জানান, এর আগে গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়েছিল বাউল শিল্পী আবুল সরকারের।
সেই জামিন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। প্রথমবার আবেদন খারিজ হওয়ার পর ফৌজদারি বিধি মোতাবেক উচ্চতর আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। সেই আবেদনের ওপরই সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।এদিন আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিনসহ মানিকগঞ্জ জজ কোর্টের ১৫ থেকে ১৬ জন আইনজীবী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জিন্নত আলী আরও বলেন, আবুল সরকার যদি আদালতে দোষী প্রমাণিত হন, তবে ২৯৫-এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানাসহ উভয় দণ্ড দিতে পারেন আদালত। এই মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন