ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৩৭ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই ঘোষণা দেন।
রোববার বাদ মাগরিব হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ এবং আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করা হয়। পর্যালোচনা শেষে ধর্ম উপদেষ্টা দেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়। রজব মাসের চাঁদ দেখার মাধ্যমে পবিত্র রমজান মাসের আগমনের ক্ষণগণনাও শুরু হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য ও দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন