বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বুধবার রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:২৩ পিএম

বুধবার রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন মিন্টু রোড এলাকায় গ্যাস বিতরণ লাইন স্থানান্তরের কাজ চলবে।

এ কারণে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউ মহাসড়কের উভয় পাশের সব ধরনের গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, এই সময়ে মূল এলাকার পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা লো-প্রেশার বিরাজ করতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।