জানুয়ারি ৬, ২০২৬, ১১:০৯ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদসহ ৬ জন কর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. মওলা বক্স চৌধুরী।
সংবর্ধিত ৬ জন বিদায়ী অতিথি হলেন পরিসংখ্যানবিদ ধনেশ চন্দ্র বর্মন স্টোর কিপার মোঃ আব্দুল মান্নান সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আলম স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান ক্যাশিয়ার মোঃ মকবুল হোসেন এবং ওয়ার্ড বয় মোঃ জহিরুল ইসলাম। তারা দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভায় বক্তারা বিদায়ী অতিথিদের কর্মজীবনের প্রশংসা করেন এবং তাদের অবসর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডা. মওলা বক্স চৌধুরীর পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আটোয়ারী প্রেসক্লাব সভাপতি মোঃ ইউসুফ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন