জানুয়ারি ১০, ২০২৬, ১১:১১ এএম
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে কিশোরগঞ্জে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বর ও তার স্বজনরা। শহরের একটি আবাসিক হোটেলের লিফটে বর জোনায়েদ তারেকসহ ১০ জন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেয়াল বা দরজা ভেঙে বিশেষ কায়দায় সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত ‘হোটেল শেরাটন’-এ এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বর ও তার স্বজনরা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা। বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তারা কিশোরগঞ্জে এসে হোটেল শেরাটনে ওঠেন।
শুক্রবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বের হওয়ার সময় তাড়াহুড়ো করে চারতলা থেকে দোতলায় নামার জন্য লিফটে ওঠেন তারা। লিফটটির ধারণক্ষমতা ছিল ৬ জনের, কিন্তু সেখানে বরসহ ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে মাঝপথে আটকে যায়।উদ্ধারকৃতরা হলেন—বর জোনায়েদ তারেক (৩৫), আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)।
হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, “অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। তবে এটি আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।”
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। লিফটের ভেতরে অক্সিজেনের অভাব হওয়ার আগেই দ্রুততম সময়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।”বিয়েবাড়ির আনন্দঘন মুহূর্তে এমন ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় কোনো অঘটন না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন বরের পরিবার ও স্থানীয়রা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন