রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি-জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৩০

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৪৮ পিএম

বিএনপি-জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৩০

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে।প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ইশতেহার ঘোষণার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেলের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকরা আগে থেকেই অনুষ্ঠানস্থলের আসনে বসে ছিলেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের কর্মী-সমর্থকরা নেতার আসার অপেক্ষায় ছিলেন। 

একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয় যা মুহূর্তেই বড় সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষ চলাকালীন একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ জন সাংবাদিক আহত হন এবং তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেছেন যে, বিএনপি সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেছেন, জামায়াত কর্মীরাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল নিশ্চিত করেছেন যে, শেরপুর-৩ আসনের প্রার্থীদের সমর্থকদের মধ্যে সামান্য তুচ্ছ ঘটনা থেকে এই বড় সংঘাতের সূত্রপাত হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে।