নভেম্বর ২৪, ২০২৬, ০৪:১১ পিএম
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার জাতীয় পোশাক প্রদর্শনী পর্বে শান্তি লেখা পোশাক পরে মঞ্চে উঠে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোঙ্কা। পোশাকে জেরুজালেমের চিত্র, জলপাই গাছ ও জাফা কমলার প্রতিকৃতি রাখা হলেও ফিলিস্তিন প্রসঙ্গে ইসরায়েলের ভূমিকা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত এবারের আসরে জাতীয় পোশাক পর্বে সোনালি অলঙ্কৃত পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে আসেন ২৫ বছর বয়সী ইয়াবলোঙ্কা। হাত ছড়িয়ে একটি কেপ প্রদর্শন করেন তিনি, যেখানে জলপাই গাছ ও জাফা কমলার ছবির পাশাপাশি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় শান্তি শব্দটি লেখা ছিল।
বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একাংশ তাকে লক্ষ্য করে জোরে দুয়োধ্বনি দেন, যা অনুষ্ঠানের সংগীতকেও ছাপিয়ে যায়।
পরে পোশাকের পেছনের অংশ দেখাতে ঘুরে দাঁড়ালে পূর্ব জেরুজালেমের একটি চিত্র সামনে আসে। সেখানে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল রঙের দৃশ্য এবং পুরোনো শহরের স্থাপনা তুলে ধরা হয়, পাশাপাশি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেম শব্দটি লেখা ছিল।
পোশাকের নকশা ও উপস্থাপনা নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সমালোচকদের ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো বিতর্কিত, কারণ ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী মনে করেন।
জলপাই গাছ ও জাফা কমলার প্রতীক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। এগুলো ফিলিস্তিনি জাতীয় পরিচয়, ঐতিহ্য ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত; সমালোচকদের অভিযোগ, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলা এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা চলমান থাকলেও পোশাকে এসব প্রতীক রাখা হয়েছে।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চে ওই প্রতিযোগীকে দুয়োধ্বনি দেওয়া যথার্থ হয়েছে। ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্বের অভিযোগের মধ্যে শান্তি লেখা পোশাক পরে মঞ্চে আসা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যবহারকারী।
রেডিটের এক ব্যবহারকারীও জলপাই গাছের প্রতীক নিয়ে সমালোচনা করেন। তার মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ পরিকল্পিতভাবে ধ্বংস করা হলেও সেই গাছকেই পোশাকের নকশায় শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন