মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১০টি দোকান

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ২৫, ২০২৬, ০৩:৩৪ পিএম

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১০টি দোকান

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা। ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় শহরের টিনপট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাতের আঁধারে লাগা এই আগুনে হার্ডওয়্যারসহ বাজারের অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। 

পরবর্তীতে পঞ্চগড় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এদিকে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। 

তারা ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে সহায়তা প্রদান করছেন।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় আশেপাশের আরও অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুরো বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।