মার্চ ২৮, ২০২৬, ১১:৫৪ পিএম
নীলফামারীতে গভীর রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টিতে জনজীবন ও কৃষকের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলায় মাঠজুড়ে থাকা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা ও বড় আকৃতির শিলার আঘাতে অনেক এলাকার টিনের চাল ফুটো হয়ে গেছে। রাত ১২টার পর ঝড়ের বেগ আরও বৃদ্ধি পায় এবং মেঘের প্রচণ্ড গর্জনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
চৈত্র মাসের এই সময়ে মাঠে থাকা ভুট্টা, গম, তামাক এবং শাকসবজির ওপর এই শিলাবৃষ্টি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক কৃষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত ফসলের ছবি ও ভিডিও আপলোড করে উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে আম ও লিচুর মুকুল ঝরে যাওয়ায় বাগান মালিকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, "কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ধর্মপাল, ডাউয়াবাড়ী, শৌলমারী, গোলমুন্ডা, বালাগ্রাম ও কৈমারী ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন। প্রাথমিকভাবে জলঢাকা উপজেলায় ২৫-৩০ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুর রহমান জানান, “আমরা ইতিমধ্যে জেলার ৪৯৩ হেক্টর জমির ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রধান কার্যালয়ে রিপোর্ট পাঠিয়েছি। মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। বিশেষ করে ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সামগ্রিকভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে এবং ফসল পুনরুদ্ধারে ২-৩ দিন সময় লাগতে পারে।”
এদিকে আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আগামী ১ এপ্রিল জেলায় আবারও ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এই দুর্যোগে দিশেহারা কৃষকরা এখন সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন