শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

রেললাইনের পাত ভেঙে গৌরীপুরে ট্রেন চলাচল বিঘ্নিত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:১৩ পিএম

রেললাইনের পাত ভেঙে গৌরীপুরে ট্রেন চলাচল বিঘ্নিত

ভাঙা রেললাইন ও আটকা ট্রেন

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন। রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ট্রেনটি বর্তমানে জংশনে আটকা পড়ে আছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে জংশনের এক নম্বর রেললাইনে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনের শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি আজ দুপুর ১২টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি করে। 

ট্রেনটি থামার পরপরই জংশনের হকাররা লক্ষ্য করেন যে, এক নম্বর রেললাইনের পাতের একটি অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি জংশন কর্তৃপক্ষকে জানালে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে ট্রেনটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেওয়া হয়নি।

স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, হকারদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে আজ একটি নিশ্চিত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদি ট্রেনটি দ্রুত গতিতে ভাঙা পাতের ওপর দিয়ে চলে যেত, তবে লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে তীব্র গরমের মধ্যে শত শত যাত্রী স্টেশনে অপেক্ষার প্রহর গুনছেন।গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বলাকা কমিউটার ট্রেনটি স্টেশনে থামার সময়ই রেললাইনের পাত ভাঙার বিষয়টি ধরা পড়ে। নিরাপত্তার খাতিরে ট্রেনটি আটকে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, রেলওয়ের কারিগরি দল দ্রুত মেরামতের কাজ শুরু করেছে। লাইন ঠিক হয়ে গেলেই ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। তবে স্টেশনের অন্যান্য বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে প্রায়ই রেললাইন সংস্কারের অভাবে এমন ছোটখাটো ফাটল বা পাত ভাঙার খবর পাওয়া যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। শেষ খবর পাওয়া পর্যন্ত রেললাইন মেরামতের কাজ চলছে এবং বলাকা ট্রেনের যাত্রীরা স্টেশনে পুনরায় ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছেন।