এপ্রিল ২১, ২০২৬, ১২:২৩ এএম
এসএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও হাতে পৌঁছায়নি প্রবেশপত্র। এমন চরম অনিশ্চয়তা আর ক্ষোভে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
দীর্ঘ সময় অবরোধ চলায় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র শিক্ষা বোর্ড থেকে সময়মতো সংগ্রহ করা হয়নি।
সোমবার দিনভর অপেক্ষা করেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে রাস্তায় নামেন। পরীক্ষার আগের রাতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদে অভিভাবকরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা।
আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত করার চেষ্টা করেন এবং রাতেই যেকোনো মূল্যে প্রবেশপত্র হস্তান্তরের জোরালো আশ্বাস দেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই প্রতিশ্রুতিতে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ প্রত্যাহারের পরপরই ইউএনও এবং এসিল্যান্ড তাদের নিজস্ব সরকারি গাড়িতে করে শিক্ষার্থীদের নিয়ে প্রবেশপত্র সংগ্রহের জন্য রওনা হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন জটিলতা অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনে কারো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। রাতের মধ্যেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের সব পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন