তাহসিন নাভিদ নির্ণয়
মে ১৫, ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রাজধানীর রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে জাতীয় ছাত্রমঞ্চ।শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ও চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া না হলেও অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্ল্যাকার্ডে "বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে", "ধর্ষকদের আস্তানা বাংলাদেশে হবে না" এবং "ধর্ষণের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে"—এমন বিভিন্ন স্লোগান ও বার্তা দেখা যায়।
জাতীয় ছাত্রমঞ্চের নেতারা বলেন, দেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা ও নারীর নিরাপত্তাহীনতা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার, কার্যকর তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।
কর্মসূচি থেকে ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের নেতৃবৃন্দ।